গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে দেশের একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে ৩১ জন নিহত এবং আহত হন ১৬৫ জন।
মাইলস্টোন স্কুলের সেই ঘটনায় আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়। তারই অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শোক প্রকাশ করেন ক্রিকেটাররা।
এদিন খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ ও পাকিস্তান দেলের ক্রিকেটাররা। শুধু তাই নয়, শোক প্রকাশের প্রতীক হিসেবে দুই দলের ক্রিকেটারা বাহুতে কালো ব্যাজ ধারণ করেন।
বাংলাদেশ দলের ক্রিকেটাররা তাদের বাহুতে কালো ব্যাজ বাঁধেন। আর পাকিস্তানের ক্রিকেটাররা তাদের বাহুতে কালো ব্যাজ সেফটিপিন দিয়ে আটকে নেন।
সিরিজ জয়ের লক্ষ্যে আজ দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। ওপেনার তানজিদ হাসান তামিমের পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ নাঈম। আর পেসার তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তান দলে একটি পরিবর্তন। স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন পেসার আহমেদ দানিয়াল। পাকিস্তানের জার্সিতে আজই প্রথম ম্যাচ খেলবেন দানিয়াল।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।