ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন শবনম ফারিয়া। এক সময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন কিছুটা কম দেখা যায় তাকে। অনেকটাই কমিয়ে দিয়েছেন কাজ। তবে নিখাঁত অভিনয়ে ছোট ও বড়পর্দার উভয় দর্শকহৃদয়েই জায়গা করে নিয়েছেন তিনি।
এ অভিনেত্রী কাজে কিছুটা অনিয়মিত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয়ের বাইরে বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের মত প্রকাশ করতে দেখা যায় তাকে। জুলাই আন্দোলন থেকে শুরু করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি, অনিয়ম ও নৈরাজ্য নিয়ে সরব অবস্থান নিয়েছেন ফারিয়া।
এবার সেই ধারাবাহিকতায় নিজের ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী ফারিয়া। গত ২৬ জুলাই দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি পোস্ট শেয়ার করে ক্ষোভ জানান তিনি।
অভিনেত্রীর পোস্ট থেকে জানা গেছে, রাজধানীর মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি। সেই পোস্টই নিজের টাইমলাইনে শেয়ার করেছেন ফারিয়া।
এ তারকা পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।’
এদিকে ফারিয়ার পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের। এতে তার সঙ্গে একাত্মতা জানিয়েছেন অনেকে। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, এরা হচ্ছে মাথামোটা আধা পাগল। অন্য ধর্মের লোক কি খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন? কারো মন্তব্য, এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক।