শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

কারওয়ান বাজারে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের পর গ্রেপ্তার ৩০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পর রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে তেজগাঁও থানা পুলিশ। এতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, মঙ্গলবার সকালে কারওয়ানবাজারে সন্দেহভাজন ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাহত হন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) সুমন রেজা। এর পর থেকেই বাড়তি ফোর্স নিয়ে শুরু হয় বিশেষ অভিযান। তেজগাঁও থানার ওসির তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িতরা। অভিযান চলমান রয়েছে।

উপকমিশনার জানান, পুলিশ কর্মকর্তা সুমন রেজাকে আহত করার পর নিজের গলাতেও ছুরিকাঘাত করে সন্দেহভাজন ওই ছিনতাইকারী। তাকে ধরতে গেলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। এ কারণে তাকে ওই সময় আটকানো সম্ভব হয়নি। তবে শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো– মো. জনি, মো. লিটন, শরীফ মোল্লা, মো. জামাল, মো. মনির, সোহাগ মিয়া, মো. নাজমুল, মো. সাকিব, মো. রায়মন, আব্দুর রহমান, সোহেল হোসেন, মো. তুহিন, মেহেদি হাসান, আরিফ গাজী, মো. আকাশ, মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন, মো. মিঠু, নাইম ইসলাম, নাজমুল হোসেন, জনি ইসলাম, মো. সুমন, মামুন হাসান, মো. রিপন, মো. সুজন, মো. ফারুক, সুবেল মিয়া, শুভ কুমার দাশ ও সোহান গাজী। গ্রেপ্তারদের প্রায় সবাই তরুণ। অন্তত দুজনের বয়স ১৮ বছরের নিচে।

এর আগে মঙ্গলবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেদিন সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর সন্দেহভাজন এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখতে পান। তিনি ওই ব্যক্তিকে আটকের চেষ্টা চালান। তবে সন্দেহভাজন ব্যক্তি মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে চলে যান। সেই সময় সোনারগাঁও ক্রসিংয়ে থাকা পুলিশ কর্মকর্তা সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করেন। আটকের চেষ্টার সময় ছিনতাইকারী তাঁর ডান হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD