শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

প্রতিহিংসার আগুনে পুড়ল ৬টি গরু, মাথায় হাত বৃদ্ধের!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মেহের আলী নামে এক দরিদ্র কৃষকের গোয়াল ঘরে আগুন লাগিয়ে ৬টি গরু পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে এর আগে ভোররাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের কৃষক মেহের আলীর বাড়িতে এ আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল খালেক (৫৫) নামে এক প্রতিবেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে মেহের আলীর বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ভোর রাতে গরুর চিৎকার শুনে তাদের ঘুম ভেঙে যায়। এসময় বাড়ির লোকজন বেরিয়ে গোয়াল ঘরে আগুন দেখতে পায়। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এলাকাবাসীর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মেহের আলীর ও তার ছেলে ধলু মিয়ার ৬ টি গরু পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়াও গোয়াল ঘরে থাকা আরো ৩টি গরু আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছে।

এ ঘটনায় প্রতিবেশি আব্দুল খালেক ও তাঁর ছেলে সফিকুল ইসলামের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ করে ভুক্তভোগীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে আগুন লাগানোর একটি কেরোসিন তেলের বোতল উদ্ধার করা হয়। পরে জড়িত সন্দেহে অভিযুক্ত ওই প্রতিবেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি একই গ্রামের মৃত গেন্দা মিয়ার ছেলে।

ভুক্তভোগী মেহের আলী বলেন, আমার সংসারের একমাত্র আয়ের উৎস ছিল গরুগুলো। আসন্ন কোরবানির ঈদে গরুগুলো বিক্রির জন্য লালন পালন করেছি। কিন্তু ওরা আমার সব স্বপ্ন প্রতিহিংসার আগুণে পুড়িয়ে ছাই করেছে। সর্বনাশ যে করেছে আমি তার শাস্তি চাই।

ভুক্তভোগীর ছেলে ধলু মিয়া জানান, আমাদের সব শেষ হয়ে গেল। গরুগুলোই ছিল আমার একমাত্র সম্বল। গরু ৬টির মধ্যে ২টি গরুর পেটেই বাচ্চা ছিল। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নেয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD