সাউদ্যাম্পটন টেস্টে লড়াইয়ে ফিরেছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিল। কিন্তু পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াইয়ে হার ঠেকাতে পারল না স্বাগতিক শিবির। রোববার ইংল্যান্ডের দেওয়া দুশো রানের লক্ষ্যমাত্রায় ক্যারিবীয়রা পৌঁছে গেছে চার উইকেট হাতে রেখেই।
দুর্দান্ত এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৬ জুলাই ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। ওই লড়াইটা ক্যারিবীয়দের জন্য সিরিজ নিশ্চিত করার। তবে ইংলিশদের জন্য সমতায় ফেরার উপলক্ষ্য। ২৪ জুলাই সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
কালকের জয়ে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সফল অধিনায়ক হয়ে গেলেন জেসন হোল্ডার। ব্রায়ান লারার নেতৃত্বে ৪৭ টেস্টের দশটিতে জিতেছিল ক্যারিবীয়রা। হোল্ডার তাকে ছাড়িয়ে গেছেন ১৪ টেস্ট কম খেলেই। অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের সংখ্যায় হোল্ডারের পাশে এখন রিচি রিচার্ডসন। এই দুজনের ওপরে আছেন ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডস।
সাউদ্যাম্পটন টেস্টে অধিনায়কের মতোই খেলেছেন হোল্ডার। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ছয় উইকেট তুলে নিয়ে জয়ের পথে দলকে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন। তার সঙ্গী শ্যানন গ্যাব্রিয়েল নিয়েছিলেন বাকি চার উইকেট। ইংলিশদের দ্বিতীয় ইনিংসে এই পেসার নিলেন পাঁচটি। যা গ্যাব্রিয়েলের হাতে তুলে দিয়েছে ম্যাচ সেরার স্বীকৃতি।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অবশ্য একটি শিকার করেছেন হোল্ডার। দুটি করে নিয়েছেন রোস্টন চেজ ও আলজারি জোসেফ। সবমিলিয়ে দলগত দারুণ পারফরম্যান্সে ইংল্যান্ডকে হারাল ক্যারিবীয়রা। এই টেস্ট জয়ের মহাত্ম্য অন্যরকম। গেল কয়েক সপ্তাহজুড়ে বর্ণবাদ নিয়ে সারাবিশ্ব যেভাবে আলোড়ন তুলেছিল সেই হিসেবে উইন্ডিজের এই জয়ের স্বাদটা অন্যরকমই।
করোনাভাইরাস কারণে ক্রিকেট স্থগিত ছিল দীর্ঘ চার মাস। ফেরার ম্যাচটা জয় দিয়ে রাঙিয়ে নিল ক্যারিবীয়রা। দুর্দান্ত লড়াই করেছে ইংল্যান্ডও। সর্বোপরি সাউদ্যাম্পটন টেস্ট যে রকম রোমাঞ্চ উপহার দিয়েছে তাতে কিছুটা হলেও আড়ালে চলে গিয়েছিল কোভিড-১৯ মহামারি আতঙ্ক।
রোববার আট উইকেটে ২৮৪ রানে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। লিড ছিল ১৭০ রানের। বাকি দুই উইকেটে ভালোই এগিয়েছে ইংলিশরা। বেন স্টোকসের দল থামে ৩১৩ রানে। প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছিল ২০৪ রানে। ইংল্যান্ড লড়াইয়ের সম্বল পায় ১৯৯ রানের। শেষ দিনের হিসেবে পুঁজিটা একেবারেই কম ছিল না।
২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ইংল্যান্ড। ২৭ রানের মধ্যে তাদের তিন উইকেট তুলে নেয় স্বাগতিকরা। পরে রোস্টন চেজকে নিয়ে হাল ধরেন জার্মেইন ব্ল্যাকউড। ৩৭ রানে চেজ ফিরে গেলেও লোয়ার অর্ডার দুই ব্যাটসম্যান ডওরিচ ও হোল্ডারকে লড়াই চালিয়ে যান ব্ল্যাকউড।
দলকে জয়ের খুব কাছে পৌঁছে দিয়ে সাজঘরে ফিরে আসেন ব্ল্যাকউড। দুর্ভাগ্য তার মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি পাননি। ডওরিচ কুড়ি রানে আউট হয়েছেন। শেষ দিকে হোল্ডার অজেয় থাকেন ১৪ রানে। ক্যারিবীয়দের পতন হওয়া ছয় উইকেটের তিনটি নিয়েছেন জফরা আর্চার। দুটি শিকার স্টোকসের। অন্যটা নিয়েছেন মার্ক উড।