রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে: নাহিদ ইসলাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি – এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট কেন্দ্রে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, আমি নীরব ও সুন্দর পরিবেশে ভোট দিলাম। ভোটারদের প্রতি আহ্বান জানাব ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসুন।

নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিন।
এসময় তিনি সেনাবাহিনী, প্রশাসন, অন্য বাহিনী ও গণমাধ্যমের প্রতি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার গঠনের জন্যই আমরা জোটবদ্ধ নির্বাচনে অংশ নিয়েছি।

আমরা মনে করি ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, দেশের মানুষ নির্বাচন সুষ্ঠু বললে, নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচনের ফলাফল যাই হোক, তা মেনে নেব।

ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়েছেন ড. এম এ কাইয়ুম এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে থাকার কথা জানা গেছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন। নির্বাচনের দিন এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD