সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বিতর্কের মাঝেই করণের ছবিতে অমিতাভের নাতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির ‘স্বজনপোষণ’ নীতি নিয়ে সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়তে হয়েছে নামী পরিচালক ও প্রযোজক করণ জোহারকে। অভিযোগ, তিনি শুধু তারকা সন্তানদের তার ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন। ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে দুদিক থেকে তাকেই ‘স্বজনপোষণ’ নীতির ধারক বলে উল্লেখ করা হচ্ছে। যার কারণে সুশান্তের মৃত্যুর পর থেকে তিনি একপ্রকার মুখ লুকিয়ে রয়েছেন।

কিন্তু এত বিতর্কের মাঝেও সম্প্রতি সামনে এসেছে আরেক খবর। যে ‘স্বজনপোষণ’ নীতির জন্য করণ জোহারের বিরুদ্ধে তারকা ও ভক্তদের এত ক্ষোভ-অভিযোগ, সেদিকেই নাকি আবার হাটছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবার বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে নিজের ছবিতে সুযোগ দিচ্ছেন করণ জোহার। অগস্ত্য হচ্ছেন অমিতাভের মেয়ে শ্বেতা নন্দার ছেলে।

বলিউডে জোর গুঞ্জন, করণ জোহারের হাত ধরেই অগস্ত্য হিন্দি সিনেমার জগতে পা রাখতে চলেছেন। অগস্ত্যর অভিষেকের জোরদার প্রস্তুতিতে নাকি ব্যস্ত এই চিত্রনির্মাতা ও প্রযোজক। খবর অনুযায়ী, করণ জোহারের ‘ধর্মা প্রোডাকশন’-এর ছবির মাধ্যমে অগস্ত্য বলিউডে আত্মপ্রকাশ করবেন। করণই নাকি তাকে বলিউডে নিয়ে আসার জন্য বেশি উৎসাহিত। এই খবর প্রকাশ হওয়ার পর বলিউডে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

কিছুদিন আগে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুরের বাসায় তার জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে করণ জোহর ছাড়াও ২০ বছর বয়সী অগস্ত্যও উপস্থিত ছিলেন। ওই পার্টিতেই নাকি করণ অগস্ত্যর সঙ্গে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। তবে করণ ছাড়াও আরও এক বড় নির্মাতার পক্ষ থেকে অগস্ত্যকে প্রস্তাব দেয়া হয়েছে। এখন অগস্ত্য কার হাত ধরবেন, তা সময়ই বলবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD