বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ময়ূর-২ লঞ্চের ২ চালকের রিমান্ড মঞ্জুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা মামলার গ্রেফতারকৃত আসামী ময়ূর-২ লঞ্চের ২ চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেনকে ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) তাদের ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে নৌ-পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ঘাট নৌ থানার উপ-পরিদর্শক শহিদুল আলম।

শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ জালাল রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে সদরঘাট নৌ-পুলিশ স্টেশন। গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের গোয়েন্দা ইউনিট তাদের গ্রেফতার করে বলে জানানো হয়। মামলাটিতে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ এবং সুপারভাইজার আব্দুস সালাম কারাগারে রয়েছেন।

এর আগে গত ২৯ জুন সকালে এ লঞ্চডুবির ঘটনা ঘটে। ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড নামের দোতলা লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় পরে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পরদিনই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ ও চালকসহ সাতজনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD