শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ভুটান‌কে পানগাঁও বন্দর ব্যবহা‌রের প্রস্তাব বাংলা‌দে‌শের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
ভুটান‌কে পানগাঁও বন্দর ব্যবহা‌রের প্রস্তাব বাংলা‌দে‌শের

নারায়ণগঞ্জ বন্দরের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও সহজতর করতে ভুটানকে বিকল্প হিসেবে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভুটানের মধ্যে দশম বাণিজ্য সচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।

সোমবার (৯ মার্চ) ও মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। অন্যদিকে, ভুটান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব তাশি ওয়াংমো।

বৈঠকে ভুটানের পণ্য পরিবহন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নারায়ণগঞ্জ বন্দরের ওপর চাপ কমানোর লক্ষ্যে পানগাঁও বন্দরকে একটি কার্যকর বিকল্প হিসেবে ব্যবহারের জন্য বিস্তারিত প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। ভুটানের পক্ষ থেকে জানানো হয়, দেশটির প্রতিনিধিরা বিভিন্ন স্থান ঘুরে দেখার পর বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করবেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে উভয় পক্ষ পর্যটন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভুটানের পর্যটন বিভাগ (ডিওটি) এবং বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে একটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে সম্মত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD