বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বিশ্বকাপের টিকিট থেকে এক ম্যাচ দূরে ইতালি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বিশ্বকাপে ফেরার স্বপ্নটা এখন একেবারে যেন হাতছানি দিচ্ছে ইতালিকে। ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আজ্জুরিরা। আর মাত্র একটি জয় পেলেই নিশ্চিত হবে আজ্জুরিদের বিশ্বকাপের টিকিট।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বার্গামোর ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইতালি। তবে জমাট রক্ষণে দাঁড়িয়ে থাকা উত্তর আয়ারল্যান্ডকে ভাঙতে সহজ ছিল না কাজটা। ম্যাচের তৃতীয় মিনিটেই সান্দ্রো টোনালির হেডে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলেও সেটি কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি ইতালি। দিমারকোর ক্রস কিংবা রেতেগুই-কের চেষ্টা বারবার থেমে যায় প্রতিপক্ষের রক্ষণে। অন্যদিকে উত্তর আয়ারল্যান্ড নিজেদের অর্ধে থেকে পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিল।

দ্বিতীয়ার্ধে এসে ধৈর্যের ফল পায় ইতালি। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন টোনালি। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে নিজেদের হাতে নেয় আজ্জুরিরা।

এরপর আক্রমণের ধার বাড়াতে থাকে ইতালি। ৭৯ মিনিটে টোনালির দারুণ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মইজ কের। এই গোলেই কার্যত নিশ্চিত হয়ে যায় ইতালির জয়।

শেষ দিকে উত্তর আয়ারল্যান্ড কিছুটা চেষ্টা করলেও ইতালির রক্ষণ ভাঙতে পারেনি। ফলে স্বাচ্ছন্দ্যেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ের ফলে প্লে-অফ ফাইনালে উঠেছে ইতালি। অন্য ম্যাচে ওয়েলসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বসনিয়া। ফলে বিশ্বকাপের টিকিট পেতে শেষ লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

ইতালির সামনে এখন একটাই সমীকরণ। শেষ ম্যাচ জিতলেই বিশ্বকাপে ফেরা নিশ্চিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD