ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক বিরতি থাকলেও অভিযান অব্যাহত থাকার ইঙ্গিত দিয়ে তিনি এই মন্তব্য করেন।
শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক চলার সময় এক ভিডিওবার্তায় তিনি এ সতর্কবার্তা দেন। ভিডিওবার্তায় হিব্রু ভাষায় দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি এবং সামনে আরও অনেক কিছু করার রয়েছে।
তিনি দাবি করেন, এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে দেখছেন। তার ভাষায়, ইরানের পারমাণবিক সক্ষমতা রোধ করাই ছিল মূল লক্ষ্য, এবং সেই পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ভিডিওবার্তায় নেতানিয়াহু আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলেই সামরিক অভিযান শুরু করা হয়। তার মতে, যদি তারা সেই সক্ষমতা অর্জন করত, তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ নিরাপত্তা সংকট তৈরি হতো।
ইসরায়েলি প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আরও গভীর ভূগর্ভে স্থানান্তরের চেষ্টা করছিল, যাতে সেগুলো আন্তর্জাতিক নজরদারির বাইরে রাখা যায়। এই পরিস্থিতিতে বসে থাকার সুযোগ ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পারমাণবিক ও নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা সংলাপ হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
পরবর্তীতে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং কূটনৈতিক আলোচনার চেষ্টা শুরু করে। তবে সেই আলোচনা এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিতে পারে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান একদিকে যেমন কঠোর, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তথ্যসূত্র : আল-জাজিরা, বিবিসি, এএফপি