ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ফুটবলে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে রেড ডেভিলসরা। অথচ সাত বছর ধরে লিগ জিততে পারছে না ওল্ড ট্রাফোর্ডের দলটি। প্রায় একই অবস্থা এসি মিলানেরও। নয় বছর ধরে ইতালিয়ান সিরি’এ লিগ জেতা হচ্ছে না তাদের।
বার্সেলোনারও এমন পরিণতি হতে পারে বলে আশঙ্কায় আছেন ক্লাবের প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্ট। তার মতে এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হারিয়ে যাওয়া যাওয়ার ঝুঁকিতে রয়েছে বার্সা। বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর এই আশঙ্কা প্রকাশ করেন ভিক্টর।
২০২১ সালে বার্সেলোনার গভর্নিং কাউন্সিলের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর। নির্বাচনী প্রচার ও প্রসারের কারণে বেশ কয়েকদিন ধরেই ঘনঘন গণমাধ্যমের সামনে আসছেন তিনি। ভিক্টর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বার্সা বর্তমান সভাপতি হোসেপ মারিয়া বার্তেমিউকে। খুব সম্ভবত নির্বাচনী কৌশল হিসেবেই ক্লাবের দুরাবস্থার সুযোগটা কাজে লাগাতে চান তিনি।
এই মৌসুমে খুব একটা খারাপ করেনি বার্সেলোনা। তাদের চূড়ান্ত ছন্দপতন হয়েছে মূলত লকডাউন পরবর্তী লা লিগা নতুন শুরুর পর। যার খেসারত মেসিদের দিতে হলো শিরোপা খুইয়ে। ভিক্টর আশঙ্কায় আছেন, ‘আমরা যদি চেষ্টা না করি, তাহলে এসি মিলান কিংবা বার্সেলোনার মতো ঝুঁকিতে পড়তে পারে বার্সাা। ইউরোপের অন্যতম সফল ক্লাব এখন শিরোপার জন্য লড়াই করতে পারছে না।’
সাত বছর ধরে বার্সা সভাপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ভিক্টর। এ বছর ভালোভাবেই আলোচনায় এসেছেন তিনি এবং ক্লাবের অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যত অনিশ্চয়তা এবং প্রধান কোচ কিকে সেতিয়েনের পারফরম্যান্স মূল্যায়ন করেছেন তিনি। ভিক্টর দাবি করলেন, ক্ষমতায় গেলে এতিয়েনকে সরিয়ে বিশ্বমানের কোচ নিয়ে আসবেন। আর নতুন চুক্তির জন্য মেসিকে বোঝাবেন।