রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

হোয়াইট হাউসের ঘটনায় ট্রাম্পের পোস্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গোলাগুলির শব্দ শোনা গেছে। এ সময় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে একটি পোস্টে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে ‘আটক করা হয়েছে’।

তিনি লিখেছেন, আমি ‘অনুষ্ঠান চালিয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছি। তবে আমি পুরোপুরি আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনার ওপর নির্ভর করব।

ট্রাম্প বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আজকের রাত পরিকল্পনার চেয়ে অনেক ভিন্ন হবে, এবং আমাদের আবার নতুন করে এটি আয়োজন করতে হবে।

এর আগে রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার অনুষ্ঠান থেকে সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত সরিয়ে নিয়েছেন। এ সময় সেখানে একটি জোরালো ও অজ্ঞাত শব্দ শোনা যায়।

রয়টার্স জানিয়েছে, ডিনারে উপস্থিত ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। কারণ অনুষ্ঠানস্থল হোটেলের বলরুমের কাছে হঠাৎ করে গোলমাল ও উচ্চ শব্দ শোনা যায়। এ সময় প্রায় ২,৬০০ অতিথির অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আর ওয়েটাররা দ্রুত ডাইনিং হলের সামনে দিকে সরে যান।

নিরাপত্তাকর্মীরা মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার ঠিক আগে লাইভ সম্প্রচারে দেখা যায়, মেলানিয়া ট্রাম্প ভিড়ের দিকে কিছু একটা লক্ষ্য করে উদ্বিগ্ন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস পুল জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস তাদের আটকে রেখেছে। প্রতিবেদনে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ‘হোয়াইট হাউস পুল’ হলো সাংবাদিক, আলোকচিত্রী এবং প্রযুক্তিবিদদের একটি ছোট দল, যারা প্রতিদিন প্রেসিডেন্টের কার্যক্রম কভার করার দায়িত্বে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট এফ কেনেডি জুনিয়রকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। বিবিসির সাংবাদিক জানিয়েছেন, তিনি কয়েকটি জোরালো বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। এরপর সিক্রেট সার্ভিস অস্ত্র উঁচিয়ে পুল সদস্যদের দ্রুত কক্ষ থেকে বের করে নিয়ে যায়। এজেন্টরা ‘গুলি চলেছে’ বলে চিৎকার করতে করতে তাদের পেছনে ঠেলে সরিয়ে দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD