বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে : এনসিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে : এনসিপি

শিশু মৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা, সারাদেশে বৃদ্ধি পাওয়া হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।

বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর ফার্মগেট চত্বরের আনন্দ সিনেমা হলের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, দেশের শিশু মৃত্যুর হার বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একে অপরের উপর দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় এনে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, সরকার বর্তমানে নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। সারাদেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি গাজীপুরে পাঁচজন হত্যার ঘটনা, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই এবং দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির বিস্তার জনগণের মাঝে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া সীমান্ত হত্যা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তিনি বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর এই পরিস্থিতি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করে শিশু মৃত্যুর হার বন্ধ করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD