যুক্তরাজ্যের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহাম প্রথমবারের মতো ‘বিলিয়নিয়ার’ ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস-এর ধনী তালিকায় তার নাম উঠে এসেছে, যেখানে তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে যৌথ সম্পদের পরিমাণ এক নতুন মাইলফলকে পৌঁছেছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বেকহ্যাম দম্পতির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ১৮৫ বিলিয়ন পাউন্ড (প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার)। এক বছরের ব্যবধানে তাদের সম্পদ প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা ক্রীড়া ও বিনোদন জগতে বড় ধরনের আর্থিক উত্থান হিসেবে দেখা হচ্ছে।
বেকহ্যাম বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির সহ-মালিক। ক্লাবটির বাজারমূল্য ও বাণিজ্যিক সাফল্য তার সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের ধারণা।
একই তালিকায় ব্রিটিশ রক ব্যান্ড ‘ওয়াসিসে’র দুই সদস্য নোয়েল ও লিয়াম গ্যালাগারও রয়েছেন। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৩৭৫ মিলিয়ন পাউন্ড।
ধনী তালিকায় বেকহ্যাম দম্পতির অবস্থান এখন যুক্তরাজ্যে ১৪১তম। ক্রীড়া জগতের শীর্ষ ধনীদের মধ্যে তারা সাবেক ফর্মুলা ওয়ান উদ্যোক্তা বার্নি একলস্টোন পরিবারের পরেই অবস্থান করছেন।
বিশ্লেষকদের মতে, ক্রীড়া, ব্র্যান্ডিং ও বিনিয়োগের সমন্বয়ে বেকহ্যামের আর্থিক সাম্রাজ্য দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যা তাকে বৈশ্বিক ক্রীড়া ব্যবসায় অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে।