মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনো দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার (২৬ মে) ভারতের জয়পুর সফরকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। খবর এএফপির।

মার্কো রুবিও বলেন, ‘আজ কাতারে কিছু আলোচনা হয়েছে। তাই আমরা দেখতে চাই, কোনো অগ্রগতি করা যায় কিনা। আমার মনে হয়, প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে। তাই এটি চূড়ান্ত হতে কয়েক দিন সময় লাগতে পারে।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই হবে না।’

ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র গতকাল সোমবার ইরানে নতুন করে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে নতুন দফার আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানের শীর্ষ আলোচকেরা কাতারের দোহায় পৌঁছানোর পরই এসব হামলা চালানো হয়।

যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান।

এ প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, ‘হরমুজ প্রণালি অবশ্যই খোলা থাকতে হবে। একভাবে হোক বা অন্যভাবে, এই নৌপথ খোলা থাকবেই। তাই এটি খোলা রাখা প্রয়োজন। সেখানে যা ঘটছে, তা অবৈধ এবং বিশ্বের জন্য টেকসই নয়। এটি অগ্রহণযোগ্য।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD