শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে দেশ তিনটির নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশও স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা এড়াতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে সৌদি আরবে প্রবেশের সুযোগও থাকছে না। পাশাপাশি, সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ডিআরসি, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন এমন বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ কার্যকর হবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এ ছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা যাত্রীদের জন্যও বাড়ানো হয়েছে স্বাস্থ্য সতর্কতা। দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ, নজরদারি এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে।

ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন এই বিধিনিষেধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়নি।

সৌদি কর্তৃপক্ষ বলছে, আঞ্চলিক ও বৈশ্বিক মহামারি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় আরও ব্যবস্থা নেওয়া হবে এবং যে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে।

সূত্র: গালফ নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD