বিএনপির মন্ত্রী-এমপিদের উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এত গরম দেখাবেন না। আমরা যদি ভালো মতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনারা কই পালাবেন- বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।
বক্তব্যে তিনি সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকানপাট দখল করার ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করেন।
রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘বাংলাদেশে খুনি হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। আমরা এখনও তার বিচার করতে পারি নাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এ বিচার চাওয়া আমাদের অপরাধ না। যারা মিডিয়াতে কথাবার্তা বলছেন, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখাবেন না। আমরা যদি ভালো মতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে। আপনারা কই পালাইবেন- বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ, সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।’
বিএনপি সরকারের নেতাদের উদ্দেশ্য করে এনসিপির এ নেতা বলেন, ‘ইলেকশনের আগে আপনাদের কাছে এসে বলবে- আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব। ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সঙ্গে মদের আড্ডায়।’
চলমান বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির এক মন্ত্রীর উদ্দেশে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন মারা গেছেন। বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় যিনি মন্ত্রী, তাকে শুধু নির্বাচনের আগেই খুঁজে পাওয়া গেছে। পরে এ বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাইনি। টিভিতে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। এরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ওপরে আল্লাহ আছে। যেই ধর্মই আমরা মানি না কেন, আমরা বিশ্বে শান্তি চাই। আমরা ইনশাআল্লাহ, বাংলাদেশে কাউকে ভয় পাই না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করছি, কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এ সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কীভাবে টেনে নামাতে হয় আমাদের জানা আছে। আপনাদের যে ভূত এসেছে রামভূত, দিল্লির ভূত, এ চাঁদাবাজির ভূত আমরা ইনশাআল্লাহ নামিয়ে ফেলব।
ভারতের কট্টরপন্থি দল বিজেপি ও হিন্দু জাতীয়তাবাদী এবং স্বেচ্ছাসেবক আধা-সামরিক সংগঠন-আরএসএসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ৪৭-এ আজাদির লড়াই করেছে, ৭১-এ যুদ্ধ করেছে, ৯০-এ করেছে, ২৪-এ করেছে- তোমাদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবুও আমরা কখনোই ভারতের সেবাদাস বা গোলাম হব না।
এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- এনসিপির কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল প্রমুখ।