সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই।’ তবে দল ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয় বলেও জানান তিনি।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ (শুক্রবার, ২৪ জুলাই) জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত রোকন সম্মেলনে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
এসময় সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো সংসদে সমাধান না হলে রাজপথে কর্মসূচির মাধ্যমে সমাধান আদায় করা হবে। জনগণ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের নামে জনআকাঙ্ক্ষা উপেক্ষার জন্য নয়।’
আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।’
এসময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে খুন ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি বাংলাদেশের আন্দোলনের প্রভাব অন্য দেশেও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না, একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়।’