বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘চমক হিসেবে’ এই হামলা চালিয়েছে।

সেন্টকম তাদের বিবৃতিতে বলে, সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। আমেরিকান সেনারা সবসময় সতর্ক এবং প্রস্তুত। খবর আল জাজিরার।

এদিকে, মার্কিন বাহিনীর ওপর হামলার খবর নিশ্চিত হওয়ার পরই জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ মার্কিন ডলার হয়েছে।

এর আগে, ইরানের ওপর ওয়াশিংটন বিমান হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার দিনের শুরুতে তেলের দাম কমেছিল। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পুনরায় আলোচনার খবরও সে সময় বেশ জোরেশোরেই প্রকাশিত হয়েছিল।

এর আগে, ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মিশিগানে যাওয়ার পথে এই হুমকি দেন তিনি।

ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে ভালো ও গভীর আলোচনা চলছে। কিন্তু ইরান পাল্টা দাবি করেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চললেও বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না।

চলতি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে নতুন করে ইরান যুদ্ধ শুরু হয়। এরপর জুনে যুদ্ধবিরতি ও সমঝোতা হলেও, হরমুজ প্রণালিতে তেল ট্যাংকার হামলা ও সৃষ্ট উত্তেজনার জেরে গত জুলাইয়ের শুরুতে যুদ্ধবিরতি ভেঙে যায় এবং ১৩ জুলাই থেকে মার্কিন বাহিনী আবারও নতুন করে বিমান হামলা ও সামরিক পদক্ষেপ শুরু করে।

টানা ১৩ রাত হামলার পর গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র অভিযান স্থগিত করে। টানা চার দিনের মতো সোমবারও (২৭ জুলাই) মার্কিন হামলা স্থগিত ছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে হামলা স্থগিত রাখা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করে দিয়ে বলেছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি হামলা স্থগিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD