বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

মানিকগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে দলের পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিতব্য পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড় ৫টায় মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। তবে হবিগঞ্জের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সেখানে অবস্থান করায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মানিকগঞ্জের কর্মসূচি স্থগিত করা হয়।

মো. আরিফুল ইসলাম বলেন, হবিগঞ্জের ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যাচ্ছেন। এ কারণে মানিকগঞ্জের জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরে কর্মসূচির নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে আজ বুধবার হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে এনসিপি।

এর আগে মানিকগঞ্জের পদযাত্রাকে ঘিরে সম্ভাব্য হামলা ও ককটেল বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ সামনে আসে। এ বিষয়ে তথ্য পাওয়ার কথা জানিয়ে জেলা পুলিশ বলেছিল, সম্ভাব্য যে কোনো নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

হবিগঞ্জের ঘটনার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত করা হলেও পরে নতুন সূচি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD