বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

আলোচনা-সমঝোতা নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

চলমান যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে সোমবার (৩ আগস্ট) আলোচনা শুরু হবে। তবে কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। নিউ জার্সি সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে ইরান।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানান, বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েই আলোচনা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, ওমানের সঙ্গে আলোচনায় কোনো তৃতীয় পক্ষ নেই। যুক্তরাষ্ট্র-সম্পর্কিত বিষয় এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন পরিস্থিতি অনুযায়ী পরে বিবেচনা করা হবে।

এদিকে, সোমবার বিকেলে আলোচনা শুরু হবে বললেও বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে বা এতে কারা অংশ নেবেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ডোনাল্ড ট্রাম্প।

এর আগে শনিবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ একটি চুক্তি চূড়ান্ত করার জন্য অতিরিক্ত সময় চেয়েছে। তাই তিনি ইরানের জ্বালানি স্থাপনার ওপর সর্বাত্মক হামলা বন্ধ রাখা হয়েছে।

তার দাবি, ওই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি অবিলম্বে, সম্পূর্ণ এবং পুরোপুরি খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান।

ইরানের জন্য চুক্তি করতে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না জানতে চাইলে তা এড়িয়ে যান ট্রাম্প। তিনি বলেন, আমি একটি চুক্তি করতে চাই? অবশ্যই চাই। আমি মানুষ হত্যা করতে চাই না কারণ এতে অনেক মানুষের প্রাণহানি ঘটে, আর আমরা তা চাই না।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে ট্রাম্প একাধিকবার সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছেন। তবে প্রতিবারই আলোচনার সুযোগ দিতে অতিরিক্ত সময় দিয়েছেন। এখন পর্যন্ত এসব আলোচনা থেকে কোনো বিস্তৃত চুক্তি অর্জিত হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD