শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও একটি সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ইউনিক বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান এবং আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসচাপায় ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও ১৫।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD