রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ‘রেড লাইন’, মিশরের সতর্কবার্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো পরিকল্পনাকে ‘রেড লাইন’ হিসেবে দেখছে মিশর। এমন উদ্যোগ প্রতিহত করতে দেশটি পূর্ণ শক্তি প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদেলাত্তি বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা এখনো আলোচনায় রয়েছে। তবে মিশর এ ধরনের কোনো উদ্যোগ মেনে নেবে না এবং তা বাস্তবায়ন হতেও দেবে না।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় এমন পরিস্থিতি তৈরি করা হলে, যেখানে মানুষের স্বাভাবিকভাবে বসবাস করা অসম্ভব হয়ে পড়ে, তখন সেখান থেকে বাসিন্দাদের চলে যাওয়াকে ‘স্বেচ্ছায় স্থানান্তর’ বলা যায় না। এভাবে মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হলে তা মূলত জবরদস্তি এবং আন্তর্জাতিক আইন ও দখলদারিত্বের অধীনে থাকা জনগণের অধিকারের লঙ্ঘন।

আবদেলাত্তি স্পষ্ট করে বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ মিশর মেনে নেবে না এবং তা হতে দেবে না। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করার বিষয়ে মিসরের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

পশ্চিম তীর নিয়েও উদ্বেগ

অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান লঙ্ঘনের ঘটনাকে তিনি ‘নীরব সংযুক্তিকরণ’ ও ‘কার্যত সংযুক্তিকরণ’ হিসেবে বর্ণনা করেন।

তার মতে, পশ্চিম তীরে এ ধরনের পদক্ষেপ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ আরও কঠিন করে তুলছে।

আবদেলাত্তি বলেন, যত শক্তিই প্রয়োগ করা হোক না কেন, ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃতি না দিলে ইসরাইল বা পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তথ্যসূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD