নেপালে ভয়াবহ বন্যায় মৃতের বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, বন্যার পর এখন পর্যন্ত ১৬০টি লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে কর্তৃপক্ষের হিসাবে মৃতের সংখ্যা ছিল ১০০। খবর বিবিসির।
নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি ও উদ্ধার অভিযান রাতভর চলবে। এ কাজে ১ হাজার ৬৯৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত অভিযানের জন্য আরো ৬৫৬ জনকে প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার দিনভর ছয়টি সামরিক হেলিকপ্টারে ৯৪ জন এবং পাঁচটি বেসামরিক হেলিকপ্টারে আরো ১২ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া স্থলপথে উদ্ধারকারী দল আরো ২৭ জনকে উদ্ধার করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় আরো জানিয়েছে, দুর্গত এলাকায় ৮০০ কেজি তাবু ও ২০০ কেজি চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। টিমুরে এলাকার ওপরের অংশে আটকে পড়া বিপুলসংখ্যক মানুষকে বৃহস্পতিবার সকালে আকাশপথে সরিয়ে নেওয়া হবে।