শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছা জানালেন তৌসিফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ছোট পর্দার অভিনেত্রী সাফা কবিরের জন্মদিন আজ। বিশেষ দিনে বরাবরের মতোই পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা-ভালোবাসা পাচ্ছেন। এর মধ্যে নেটিজেনদের নজর কাড়ল তৌসিফ মাহবুবের শুভেচ্ছাবার্তা।

তৌসিফ ও সাফা একে-অপরের বন্ধু। একেবারে ‘বেস্ট ফ্রেন্ড’। শোবিজে তাদের পথচলাও প্রায় একই সময়ে। সাফার সঙ্গে একটি ছবি পোস্ট করে তৌসিফ লিখলেন, ‘বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে উইশ করা আমার কাছে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। ঠিক এমনই একটা দিন আজ। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিছুই বুঝতে পারছি না। এতো কিছু বলার আছে, অথচ কোনো কথাই যথেষ্ট মনে হচ্ছে না। তাই ভাবলাম, এই না-বুঝতে পারাটাই ক্যাপশন করে দিই।’

সবশেষে সাফাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তৌসিফ লিখেছেন, ‘শুভ জন্মদিন সাফা কবির। তুই নিশ্চয়ই জানিস, আমি তোকে কতটা ভালোবাসি দোস্ত।’

তৌসিফের এই শুভেচ্ছা-বার্তা পছন্দ হয়েছে নেটিজেনদেরও। মাত্র ৬ ঘণ্টায় ওই পোস্টে ৬৫ হাজার প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে সাড়ে ছয় হাজার।

উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে কাজ শুরু করেন সাফা। এরপর ২০১৩ সালে আদনান আল রাজীবের ‘অ্যাট ১৮ অল টাইম দৌড়ের উপর’ টেলিছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। একই টেলিফিল্ম দিয়ে নাটকে এসেছিলেন তৌসিফও।

এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন সাফা। করেছেন একাধিক স্বল্পদৈর্ঘ্য ছবি ও ওয়েব সিরিজ। এছাড়া একটি ওয়েব সিনেমাও করেছেন অভিনেত্রী। সর্বশেষ সাফাকে দেখা গেছে এস আর মজুমদারের ‘অবাক ভালোবাসা’ নাটকে। জুনে মুক্তি পাওয়া এ নাটকে তার সহশিল্পী মুশফিক ফারহান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD