কয়েকদিনের সংঘর্ষের পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। কৌশলগত মাখা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ সাফল্য আসে তাদের। এর ফলে সমুদ্রপথে বাণিজ্য আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে গোষ্ঠীটি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হয়ে উপকূলের সর্বশেষ শহরগুলো দখলের পর বাব আল-মান্দেব প্রণালির কয়েকটি দ্বীপেও অবস্থান নেয় হুতিরা।
সরকারি সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হুতিদের এই অগ্রযাত্রায় এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যেত। যুদ্ধের পর ওই নৌপথের বিকল্প হিসেবে বাব আল-মান্দেবকে ব্যবহার করা হচ্ছে।
আল-জাজিরার সাংবাদিক মাহা আলি ইয়েমেনের্ তাইজ শহর থেকে জানান, বৃহস্পতিবার ভোরে হুতি যোদ্ধারা উপকূলীয় শহর আল-মাখায় পৌঁছান। শহরটি মোখা নামেও পরিচিত। পরে তারা উপকূলের কাছের কয়েকটি দ্বীপ দখল করতে সমুদ্রের দিকে অগ্রসর হন।
শুক্রবার ইয়েমেন সরকারের কয়েকটি সূত্র রয়টার্সকে জানায়, হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব উপকূলের ধুবাব শহরেও পৌঁছেছেন।
সরকারি বাহিনী সরে যাওয়ার পর যোদ্ধাবাহী নৌকা বাব আল-মান্দেব প্রণালির কেন্দ্রস্থলে অবস্থিত মায়ুন দ্বীপে পৌঁছেছে বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দ্বীপটি পেরিম নামেও পরিচিত।
একটি সূত্র এএফপিকে বলেছে, ‘বাব আল-মান্দেব এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার কাজ হুতিরা সম্পন্ন করেছে।’
সানাভিত্তিক ইয়েমেন প্রেস এজেন্সি মাঠপর্যায়ের সূত্রের বরাতে জানিয়েছে, হুতি বাহিনী প্রণালির ওপর নজরদারির কৌশলগত আল-ওমারি সামরিক ক্যাম্পও দখল করেছে।
তবে সানা থেকে আল জাজিরার সাংবাদিক নাবিল আল-ইউসুফি জানান, বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে হুতি সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বাব আল-মান্দেব লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার। একই সঙ্গে এটি সৌদি আরবের তেল টার্মিনালগুলোর দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ পথ। হরমুজ প্রণালি এড়িয়ে এই পথে ইউরোপে অপরিশোধিত তেল পাঠানো সম্ভব।
এর আগে জাহাজ চলাচল লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার কারণে লোহিত সাগরে নৌযান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।
সানা থেকে আল জাজিরার সাংবাদিক ইউসুফ মাওরি বলেন, ‘এখন হুতিদের হাতই শক্তিশালী। তাদের হাতে চাপ প্রয়োগের ক্ষমতা রয়েছে। তারা বাব আল-মান্দেব এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী নৌযান নিয়ন্ত্রণ করছে।’
হুতিদের পেছনে ঠেলে দিতে ইয়েমেন সরকারের বাহিনী পাল্টা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে; এমন লক্ষণও খুব একটা দেখা যাচ্ছে না বলে জানান তিনি।
হুতিদের অগ্রযাত্রার খবরের মধ্যেই যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে। শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থেকে লেনদেন শেষ হওয়ার পথে ছিল। মে মাসের মাঝামাঝির পর এই প্রথম তেলের দাম এতটা বাড়ল।
শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) পূর্বাভাস দিয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী তেল সরবরাহ ও চাহিদা আগের ধারণার চেয়েও বেশি কমতে পারে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের স্বাভাবিক তেল সরবরাহ ব্যবস্থা ২০২৭ সাল পর্যন্ত ব্যাহত হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি বাধাগ্রস্ত করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর সফলভাবে চাপ সৃষ্টি করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে তেলের দামও বেড়েছে।
সূত্র : আল-জাজিরা