শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে আমাদের।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি উদ্যোগে ও রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাখাওয়াত হোসেন বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। সবার সম্মিলিত সাহায্য ছাড়া স্বাস্থ্যসেবা উন্নতিকরণ সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, রূপগঞ্জে ২০ লাখ মানুষের বসবাস। একটি মাত্র সরকারি হাসপাতালে গড়ে ৪০ হাজার মানুষের জন্য একটি করে বেড বরাদ্দ রয়েছে। তাই ৫০ বেড থেকে ১৫১ বেড নয়, এটাকে যেন ২৫১ বেড হাসপাতালে উন্নতি করা হয়।

এ সময় কয়েক হাজার মানুষকে ১৩টি আলাদা বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখে বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ প্রদান করেন।

আয়োজিত মেডিক্যাল ক্যাম্পিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম।

মেডিকেল ক্যাম্পিংয়ের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD