বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ কত, জানা গেল মেট্রোরেলের পিলারে ফাটলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘একটা সময় সিনেমা কথা বলত। সিনেমা আমরা হয়তো চোখ দিয়ে দেখতাম, কিন্তু সেটা আমাদের হৃদয়ে থেকে যেত। এই যে ববিতা ম্যাডামের একটা কথা একটা দেখলাম—আমাদের একটাই ক্লাস। সেই মুহূর্তে এই কথাটা যে কত বড় ছিল, সেটা আজকে আমরা উপলব্ধি করি। প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা। এটাই সিনেমায় হওয়া উচিত।’

বুধবার বিকেলে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশীয় চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে আন্দালিব রহমান বলেন, ‘সিনেমা যে শুধু কমার্শিয়ালি হবে, সেটা না। মরহুম হোসেন সাহেবের প্রত্যেকটা সিনেমা আমার দেখার সৌভাগ্য হয়েছে। তার প্রত্যেকটি সিনেমাতেই একটা না একটা বার্তা ছিল। আমরা চাই, সবাই মিলে আগামীতে এমন কাজ করব, যাতে আবার এই সিনেমাগুলো কথা বলে, আমাদের মধ্যে কথা বলে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

বর্তমান সমাজের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, ‘সেই সময়ের বাস্তবতা, যে সময়ে সিনেমাগুলো করা হয়েছিল, আর আজকের বাস্তবতা এক নয়। আজকের সমাজ বিভিন্ন ভাগে বিভক্ত। আজকে আপনারা শুনলে অবাক হবেন, প্রায় এক কোটি ২০ লাখ ইয়াং জেনারেশন শুধু ড্রাগসে অ্যাডিক্টেড। এটা আমাদের জন্য কত বড় একটা লস।’

আন্দালিব রহমান বলেন, ‘আমাদের যারা ডিরেক্টর আছেন, যারা প্রডিউসার আছেন, তাঁরা সবাইকে উৎসাহিত করবেন। আমরা সহযোগিতা করব, যাতে সিনেমা অনেক বড় একটা শক্তিশালী মাধ্যম হয় সমাজকে পরিবর্তন করার জন্য, মানসিকতা পরিবর্তন করার জন্য।’

নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে নেওয়ার আশাবাদও জানান তিনি। আন্দালিব রহমান বলেন, ‘আমি তো শুধুমাত্র এসেছি। তারপরও সবার সঙ্গে পরিচয় হচ্ছে, সবার সঙ্গে কাজ হচ্ছে। আমার সঙ্গে যারা স্টেট মিনিস্টার, উপদেষ্টা এবং অন্যান্য কলাকুশলী আছেন, আমার বিশ্বাস আমরা সবাই একসঙ্গে কাজ করলে আমাদের বাংলাদেশের সিনেমাকে আবার সেই পুরোনো ঐতিহ্যের জায়গায় নিয়ে যেতে পারব, ইনশাআল্লাহ।’

সংগঠনটির সভাপতি শাহীন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য দেবাশীষ বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের মহাসচিব শাহীন কবির টুটুল।

এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেন। সম্মাননা গ্রহণ করেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনও।

দুই শতাধিক চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD