শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়নসহ আট দাবিতে আজ শনিবার ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। এ উপলক্ষ্যে কর্মসূচির রুটে থাকা সব জেলা ও মহানগরী শাখায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। লংমার্চের বহর রংপুর অভিমুখে রওনা হওয়ার আগে সকাল ৭টায় রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে সকাল ৮টার দিকে লংমার্চের বহর রওনা হয়ে পথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালিস্থ বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হবে। আর সমাপনী সমাবেশ হবে রংপুরের জিলা স্কুল মাঠে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর আয়োজিত বিরোধী এই জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে দাবি ছিল ছয়টি। আর রংপুর লংমার্চে যুক্ত হওয়া দুই দাবিসহ মোট আট দাবি হলো-গণভোটের রায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

এ উপলক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ড. রেজাউল করিম, মুহাম্মদ জাহিদুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কূটনৈতিক চ্যানেলে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা-রংপুর লংমার্চ সফল করার জন্য এবং পথের ধারে অভিবাদন জানাতে লাখ লাখ মানুষ এখন প্রস্তুত। মহিলারাও রাস্তার পাশে দাঁড়িয়ে অভিবাদন জানাবে বলে খবর পেয়েছি। লংমার্চের বহরে হাজারের বেশি গাড়ি যুক্ত হবে বলে আমরা তথ্য পেয়েছি।

জামায়াতের সেক্রেটারি আরও বলেন, সরকারের প্রতি আমাদের আবেদন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ লংমার্চকে যেন কোনোভাবে বাধার সৃষ্টি না করা হয়। বহরে থাকা নেতাকর্মীদের অনুরোধ করেছি যাতে তারা কারও উসকানিতে পা না দেন। ধৈর্য ও সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে গণতান্ত্রিক কর্মসূচি আমরা সফল করব। এজন্য সরকারি দল বিএনপি, পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিকসহ সবার সহযোগিতার জন্য অনুরোধ জানাই।

লংমার্চে দেশবাসী ও ১১ দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করার আহ্বান জানান গোলাম পরওয়ার।

এদিন বিকাল সাড়ে ৪টায় জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষ্যে উদ্বোধনী সমাবেশস্থল মানিক মিয়া এভিনিউ পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইন, ড. রেজাউল করিম, ড. হেলাল উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD