মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এবং পরবর্তী সময়ে পাল্টাপাল্টি মামলার ঘটনায় নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। তীব্র আলোচনা-সমালোচনার মুখে থাকা ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি দাবি করেছেন, তিনি ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় (এসএমএস) তিনি নিজেই এই তথ্য জানান। তবে বর্তমানে তিনি কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে বার্তায় স্পষ্ট কিছু উল্লেখ করেননি।

পাঠানো খুদেবার্তায় শাহজালাল রুমি লেখেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

একই বার্তায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি আরও উল্লেখ করেন, ‘একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।’

ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর। টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা’র শিক্ষক ও প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সাত বছর বয়সী ওই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা শাহজালাল রুমি মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক মোসলেম উদ্দিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ শিক্ষক মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে শিক্ষককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় ব্যাপক তোলপাড় ও বিতর্ক শুরু হয়।

ঘটনাটি এখানেই থেমে থাকেনি; শিক্ষক কারাগারে যাওয়ার পর মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে শিশুটির বাবা শাহজালাল রুমির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি পাল্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে মাদ্রাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ছাড়াও ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষের পাল্টা এই মামলা দায়েরের পর থেকেই জনসমক্ষ থেকে আড়ালে চলে যান শাহজালাল রুমি। বিভিন্ন মহলে গুঞ্জন ও আলোচনার মধ্যেই সোমবার রাতে খুদেবার্তা পাঠিয়ে তিনি দেশ ছাড়ার দাবি করলেন।

তবে তার বর্তমান অবস্থান কিংবা তিনি বৈধভাবে দেশত্যাগ করেছেন কি না, সে বিষয়ে দায়িত্বশীল কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD