ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখার এক জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে হামাসের সামরিক শাখার ‘জ্যেষ্ঠ এক সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে তার পরিচয় বা হামলার বিস্তারিত জানানো হয়নি।
এদিকে হামাসের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো ওই হামলায় সংগঠনটির কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। হামাসের সামরিক শাখার রাফাহ ব্রিগেডের কমান্ডার ছিলেন আবু ইউনিস বলে জানিয়েছে সূত্রগুলো।
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি সড়কে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে আবু ইউনিস নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৪ নভেম্বর) সর্বশেষ তথ্যে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন।
২০২৫ সালের ১১ই অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে ১,৬৪৩ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ৫,৯৬৪ জনকে আহত করেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে কমপক্ষে ৮৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় তার গণহত্যা যুদ্ধ শুরু করার পর থেকে অন্তত ৭৪,৬৯৫ জন নিহত এবং ১৭৬,০৯৩ জন আহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা