বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাত্র ১২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে এবাদত হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে এইডেন মার্করামের স্টাম্পও ভেঙে যায়। তবে সেটি নো বল হওয়ায় জীবন ফিরে পান দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।

এরপর আর কোনো বিপদে পড়তে হয়নি স্বাগতিকদের। শেষ পর্যন্ত এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

মাত্র ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে দক্ষিণ আফ্রিকা। ৯ বলে একটি ছক্কায় ৮ রান করে অপরাজিত থাকেন মার্করাম। এর মধ্য দিয়ে জোহানেসবার্গ টেস্টের সমাপ্তি ঘটে পঞ্চম দিনের প্রথম সেশনেই। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কোনো রকমে ইনিংস ব্যবধানে হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিতে পেরেছিল মাত্র ১১ রানের। ফলে জয়ের জন্য স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

চতুর্থ দিন শেষেই বাংলাদেশের সামনে দুটি কঠিন সমীকরণ ছিল—হয় দ্রুত অলআউট হয়ে হারের মুখে পড়া, নয়ত পঞ্চম দিনজুড়ে উইকেট আগলে রেখে ম্যাচ বাঁচানোর চেষ্টা করা। কিন্তু কোনোটিতেই সফল হতে পারেনি সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। পঞ্চম দিনের সকালে আরও একটি উইকেট হারিয়ে কোনোমতে লিড নেয় দল। তবে এরপর দ্রুতই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

বাংলাদেশের শেষ ভরসা ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু রাবাদার বলে লিটন বোল্ড হয়ে ফিরলে প্রতিরোধের শেষ আশাটুকুও ক্ষীণ হয়ে আসে। এরপর সাইমন হার্মারের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। বলটি তার গ্লাভস ও প্যাডে লেগে শর্ট লেগে জমা হয়। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিজেদের পক্ষে নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বলে ২২ রান করেন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর আর কেউ দলের হাল ধরতে পারেননি। শেষ স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজও নিজের উইকেট হারান সহজেই। শেষ পর্যন্ত মাত্র ৮ রানের মধ্যে বাংলাদেশের শেষ চার উইকেটের পতন ঘটে।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সাইমন হার্মার। ৫১ রান দিয়ে তিনি তুলে নেন ৬ উইকেট। অন্যদিকে কাগিসো রাবাদার শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন এই প্রোটিয়া পেসার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD