গত জুনে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন বোর্ড গঠিত হয়। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। মূলত বিসিবি সভাপতি তামিম ইকবালই এই দায়িত্ব সামলাচ্ছিলেন। সম্প্রতি তার ব্যস্ততা বেড়েছে। তাই ক্রিকেট পরিচালনার দায়িত্বে আসছে নতুন মুখ।
স্থায়ীভাবে কাউকে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব দিতে চায় বিসিবি। নতুন করে এই বিভাগের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফাহিম সিনহা। সবকিছু ঠিক থাকলে তিনি হতে যাচ্ছেন ক্রিকেট পরিচালনা বিভাগের নতুন চেয়ারম্যান।
বিসিবির শীর্ষ একজন পরিচালক জানান, ‘ফাহিম সিনহা রয়েছেন এই পদের জন্য নতুন করে আলোচনাতে। তিনি যোগ্য তার নামই শুনেছি আমি। গুরুত্বপূর্ণ কমিটি এজন্য একজন যোগ্য লোক প্রয়োজন।’
ফাহিম বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ছাড়া গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও সক্রিয়ভাবে কাজ করছেন তিনি। তবে জানা গেছে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়বেন ফাহিম।
নতুন করে সিরাজউদ্দিন আলমগীরকে গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব নিতে বলা হলেও রাজি হননি তিনি। ফলে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হতে পারে শাহনিয়ান তানিমকে, বিশ্বস্ত একটি সূত্রে এমনটাই জানা গেছে।