বিদেশে পালানোর আগেই বিমানবন্দরে ধরা পড়লেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। তবে আদালত মঞ্জুর করেছেন পাঁচ দিন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে বিদেশ যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় আসলামকে।
বিকেল ৪টা ৪৫ মিনিটে পুলিশি পাহারায় তাকে রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হয়। বিচারক এজলাসে ওঠার পর মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ইরফান খান সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ডের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবীরা আবেদন বাতিলের পাশাপাশি জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন, হারুন অর রশিদসহ কয়েকজন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তাদের দাবি, মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে আসলামকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট জামিনে কারামুক্ত হন টিটন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন তিনি। কথোপকথনে অতীত কর্মকাণ্ডের কারণে পরিবারের আর্থিক ক্ষতি ও দুর্নাম নিয়ে অনুশোচনা প্রকাশ করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করার কথা জানান টিটন।
ঘটনার কিছুদিন আগে একটি শিডিউল কেনার কথা জানিয়ে বড় ভাইকে বলেন, কাজের মাধ্যমে মোটামুটি ভালোভাবে জীবন চালাতে পারবেন। ২৬ এপ্রিল ফোনে তিনি জানান, বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙ্গারি রনিদের সঙ্গে বিরোধ চলছে।
পরদিন ২৭ এপ্রিল টিটন বড় ভাইকে জানান, বিরোধের পক্ষগুলো তাকে ডেকেছে। তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করার কথা রয়েছে।
এজাহারে বলা হয়, ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে টিটনের গুলিবিদ্ধ হওয়ার খবর পান তার বড় ভাই রিপন। নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনের বটতলায় তাকে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৯ এপ্রিল নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন রিপন।
মামলার অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডে সাতজনের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।