রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের ৭ দালাল গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন, জিসান, মাসুদুর রহমান, আফজাল ইসলাম ওরফে পারভেজ, আনিসুজ্জামান রাশেদ, রিয়াদ হোসেন, মেহেদী হাসান।

বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি পুলিশের কর্মকর্তারা। এ সময় এএসপি জাহেদ পারভেজ বলেন, ‘পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্র নির্মূল করার লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করেছি। এ সময় অফিসের আশপাশ থেকেই ৭ দালাল সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এরা বিভিন্ন ডাক্তার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল জাল করে তা ব্যবহার করে আসছিলেন।’

তিনি আরও বলেন, ‘ডিবির এসআই খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫টি পাসপোর্ট, ২টি ল্যাপটপ, ২টি ডেস্কটপ, ১টি প্রিন্টার, ২টি ভুয়া সিল ও নগদ ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সিল দুটিতে দুজন সরকারি ডাক্তারের নাম লেখা রয়েছে। তবে আমরা জেলা সিভিল সার্জনের মাধ্যমে নিশ্চিত হয়েছি যে এই নামে কোনো ডাক্তার নারায়ণগঞ্জে কর্মরত নেই।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD