বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :

ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান কেদার লেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

দেশের বৃহত্তম ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এর বর্তমান সিইও এবং এমডি কেদার লেলে-কে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি কামরান বকরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০১২ সালে দায়িত্ব গ্রহণ করে গত প্রায় ৮ বছর ধরে নিষ্ঠা ও সাফল্যের সাথে কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামরান বকর।

নতুন চেয়ারম্যান নির্বাচনে গত মঙ্গলবার (২৫ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের ১৮০-তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কেদার লেলে-কে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদের ‘চেয়ারম্যান’ নির্বাচিত করা হয়।

কেদার লেলে ২০১৭ সালের ০১ জুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন। এর ছয় মাস পর ২০১৮ সালের ০১ জানুয়ারি তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এর দায়িত্ব দেওয়া হয়। তিনি এখন একই সাথে কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এর দায়িত্ব পালন করবেন।

লেলে বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহ-সভাপতিও রয়েছেন।

প্রায় ২০ বছরের পেশাগত জীবনে তিনি বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা এবং ভোগ্যপণ্য কোম্পানির বিক্রয় ও বিপণন শাখায় মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। তার এই দুই দশকের পেশাগত জীবনের ১৫ বছরেরও বেশি সময় তিনি পার করেছেন ইউনিলিভারের সাথে।

ইউনিলিভারের সাথে তার যাত্রা শুরু হয় ২০০৪ সালে। সেবছর হিন্দুস্তান ইউনিলিভার লিমিডেট (এইচইউএল) এর আইসক্রিম ব্র্যান্ডে যোগ দেন তিনি। এরআগে তিনি কিছুদিনের জন্য কিম্বারলি ক্লার্ক লিভার লিমিটেড (জেভি) এর বিক্রয় ও বিপণন শাখার প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশে ইউনিলিভারের সিইও হয়ে আসার আগে তিনি হিন্দুস্তান ইউনিলিভারের পূর্বাঞ্চলের নেতৃত্ব দেন। এছাড়া হিন্দুস্তান ইউনিলিভারের ই-কমার্স চালু ও সম্প্রসারণের ক্ষেত্রেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশের মানুষ ও জনগোষ্ঠীর কল্যাণসাধনের পাশাপাশি ইউনিলিভার বিজনেসের ক্ষেত্রে ইউনিলিভার বাংলাদেশ-কে অন্যতম প্রধান কোম্পানি হিসেবে গড়ে তোলায় তার লক্ষ্য। গণমানুষের কল্যাণে নির্দিষ্ট লক্ষ্য পূরণের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনেই তিনি বেশি আগ্রহী।

২০১৫ সালে তিনি ইকোনমিক টাইমসের “ফোর্টি আন্ডার ফোর্টি” ক্যাটাগরিতে “হটেস্ট বিজনেস লিডারস” বা “সবচেয়ে আকর্ষনীয় ব্যবসায়িক নেতা” তালিকায় জায়গা করে নেন। তিনি হিন্দুস্তান ইউনিলিভারের তরুণ ব্যবস্থাপক গড়ে তোলা প্রকল্পের অন্যতম অর্থদাতাও বটে।

দেশের শিল্পখাতের পাশাপাশি ইউনিলিভার বিশ্বেও এক ঈর্ষণীয় সাফল্যের নাম ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। কেদার লেলের নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ কেবল ব্যবসায়িক আকার ও প্রতিযোগিতার ক্ষেত্রেই এগোয়নি, বরং কর্মক্ষেত্রের পরিবেশ, নিরাপত্তা, উৎপাদন এবং পণ্যের গুণগত মানের ক্ষেত্রেও বিশ্বমান অর্জন করেছে। এছাড়া ব্যবসায়িক কর্মকাণ্ডের নানান শাখায় ইউনিলিভার বাংলাদেশ বর্তমানেও অনন্য সব সক্ষমতা ও সাফল্য অর্জনের নজির স্থাপন করে চলেছে, যা দেশ-বিদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করছে।

সম্প্রতি তার নেতৃত্বে জিএসকে বাংলাদেশ এর ৮২% মালিকানা সফলভাবে অধিগ্রহণ করেছে ইউনিলিভার। এরপর জিএসকে বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড’।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD