রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী প্রতারক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

সাভারে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী হারুন অর রশিদ (২৫) নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৪।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর চৌধুরী।

এর আগে রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের সিআরপি রোড সংলগ্ন ডগরমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

হারুন অর রশিদ নাটোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। সে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা এবং চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে ভুয়া পরিচয় প্রদান করে অভিনব কৌশল ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির নব্য প্রতারক চক্র। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক হারুন অর রশিদকে আটক করা হয়। এসময় দুদক কর্মকর্তার ভুয়া ১টি আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ২টি বদলি প্রজ্ঞাপন, ১টি ওয়ারলেস সেট, ২টি কাস্টমস অফিসারের ক্যাপ, ১টি পুলিশ ক্যাপ, ৩টি জ্যাকেট, ১টি ক্রেস্ট, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েক বছর যাবৎ সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন। মূলত সে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।

আটক হারুন অর রশিদ লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলার পলাতক আসামি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD