সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

১০ দিন পর বিকেলে ফেরি চালু, রাতে আবার বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১০ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পরে শুক্রবার বিকেলে ৩টি ফেরি ট্রায়ালে সফলভাবে পারাপার হয়। এসময় রো রো ফেরি আধা ঘণ্টা ডুবোচরে আটকে থাকলেও পরে সেটিও পার হয়। তবে সন্ধ্যার পর পদ্মা সেতু পিলারের কাছে প্রচন্ড স্রোত বহমান থাকায় নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস। শনিবার সকাল থেকে ফেরি সার্ভিস শুরু হবে বলে বিআইডব্লিউটিএ সূত্র দাবি করেছে।

বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পদ্মা সেতু ২৫ নম্বর পিলারের কাছে ড্রেজিং সম্পন্ন করে সেতু কতৃপক্ষের চায়না ড্রেজার। এর আগে মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেল ড্রেজিং করে প্রস্তুত করে বিআইডব্লিউটিএ। এরপর শিমুলিয়া ঘাট থেকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেটাইপ ফেরি ক্যামেলিয়া ও কুমিল্লা যানবাহন বোঝাই করে রওনা দেয়। লৌহজং টার্নিং-এর মুখ থেকে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ টাগ বোট ও ট্রলারে চড়ে পানি মেপে মেপে প্রথমে ফেরি ক্যামেলিয়াকে পার করে। কিন্তু রো রো ফেরিটি লৌহজং টার্নিং মুখে এসে মার্কিং-এর পাশে ডুবোচরে আটকে যায়। এ সময় সরু চ্যানেল হওয়ায় কেটাইপ ফেরি কুমিল্লা মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। পরে বিআইডব্লিউটিএর দুইটি টাগ বোট আধাঘণ্টা চেষ্টা করে রো রো ফেরিটি উদ্ধার করলে দুইটি ফেরিই কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছায়।

তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। শনিবার সকাল থেকে ফেরি চলাচল আবারো শুরু হবে বলে দাবি করছে কতৃপক্ষ।

এদিকে এ পর্যন্ত এরুটে নাব্যতা পরিস্থিতি ফিরিয়ে আনতে ৬ লাখ ৭০ হাজার ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে। মোট ৩৩ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্যমাত্রা বিআইডব্লিউটিএর। বিআইডব্লিউটিএর ১৩টি ড্রেজার এরুটে অবস্থান করছে।

এরআগে গত ৩ সেপ্টেম্বর পদ্মা সেতুর ২৫নম্বর পিলারের কাছে তিনটি ফেরি আটকে গেলে নাব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। গত ২৯ আগস্ট মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলসহ বিআইডব্লিউটিএর সকল খননকৃত চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে পাঁচদিন ফেরি চলে।

বিআইডব্লিউটিএ (ড্রেজিং বিভাগ) এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান জানান, তিনটি ফেরি লৌহজং টার্নিং,পদ্মা সেতু হয়ে কাঁঠালবাড়ি পৌঁছেছে। প্রচন্ড স্রোতে পদ্মা সেতুর নিরাপত্তার জন্য সন্ধ্যায় ফেরি বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে সকল ফেরি চলবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD