শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

‘আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলে পড়ে যাবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে। মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে উল্লেখ করে তিনি বলেন, মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে।

সেতুমন্ত্রী বলেন দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে গত ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ, তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তারা বোকার স্বর্গে বাস করছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যে কোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে করোনা আসন্ন শীতে বাংলাদেশে দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে -তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরিধান করতে হবে।

আইডিইবির সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD