রংপুর নগরীর হাজিরহাট গিলাবাড়ি এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গৃহবধূ সদর উপজেলার হাজিরহাট থানার জাজিরহাট গিলাবাড়ি গ্রামের বাসিন্দা। শনিবার সন্ধ্যার দিকে পূর্ব পরিচিত এক ব্যক্তি কৌশলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আশপাশের লোকজন তার গোঙানির শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
এদিকে, রোববার গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি হাজিরহাট থানায় জানান তার স্বজনরা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
এ ঘটনায় ওইদিন রাতে ধর্ষণের শিকার হওয়া গৃহবধূ বাদী হয়ে হাজিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
থনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
লাইটনিউজ