মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করতে চলেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার হোয়াইট হাউসে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে এরইমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নিজ নিজ দেশের পক্ষে আব্রাহাম অ্যাকর্ড নামের এই চুক্তিতে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। টুইটারে দেওয়া এক পোস্টে এটিকে আরেক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দুই দেশ আমিরাত-বাহরাইনের সঙ্গে এ চুক্তির মধ্য দিয়ে এ অঞ্চলে নিজের বিচ্ছিন্ন অবস্থা কাটাতে সমর্থ হবে ইসরায়েল। এছাড়া আরবদের সঙ্গে সম্পর্ক ক্রমেই স্বাভাবিক হয়ে আসায় জেরুজালেমের আল আকসা মসজিদের ব্যাপারেও এখন আরও শক্ত অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হয়েছে দেশটির।
এদিকে সৌদি আরবের পক্ষ থেকে এখনও পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রকাশ্য কোনও ঘোষণা না এলেও গত কয়েক বছর ধরেই দেশ দুটির গোপন সম্পর্কের কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়ে আসছে। সেই সাথে ইসরায়েল আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলের জন্য সৌদি আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ট্রাম্প। এ থেকে প্রমাণিত হয় ক্রমেই সবাই ইসরায়েলকে মেনে নিচ্ছে।
লাইটনিউজ