শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানে সংঘাতে নিহত ৭৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের কয়েকটি সংঘাতে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন।

রোববার রাতভর চলা এই সংঘর্ষের ঘটনায় আরও বহু লোক আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য মিলেছে।

১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় সরকারি প্রতিনিধি দলের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরু হয়েছে।

এরপর থেকে দুপক্ষের মধ্যে লড়াইয়ের সবচেয়ে রক্তাক্ত দিন ছিল এটি।

দোহায় দুই পক্ষের মধ্যে আলোচনায় এক সপ্তাহেরও বেশি সময় পার হওয়ার পরও অগ্রগতি সামান্যই। বিশেষ করে যুদ্ধবিরতির বিষয়ে কোনো আশাব্যঞ্জক অগ্রগতি নেই বললেই চলে।

অনেক দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও তালেবান তা প্রত্যাখ্যান করেছে। রোববার রাতে সবচেয়ে রক্তাক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটেছে মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশে।

এখানে তালেবান যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর তল্লাশিচৌকিগুলোয় হামলা চালিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্যকে হত্যা করেছে।

প্রদেশটির ডেপুটি গভর্নর সৈয়দ মোহাম্মদ সাদাত এমন তথ্য জানিয়েছেন। তাখার, হেলমান্দ, কাপিসা, বলখ, মাইদান ওয়ারদাক ও কুন্দুজেও সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রদেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন।

বলখে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির তিন সদস্যকে তালেবান জিম্মি করেছে বলে প্রদেশটির গভর্নরের মুখপাত্র মনির আহমদ ফরহাদ দাবি করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD