খুলনায় র্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আল্লার দলের থানা নায়েকসহ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় উগ্রবাদী নথিপত্র, নগদ ১৮ হাজার ৯৯৫ টাকা ও ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার গোপন সংবাদের ভিক্তিতে নগরীর লবণচরা থানার সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন কাইয়ুম আয়রন ওয়ার্কসপ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জঙ্গি সদস্যরা সেখানে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-৬ এর সদর দপ্তরে অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া জঙ্গিদলের সদস্যরা হলেন লবণচরা থানা নায়েক ও লবণচরা স্লুইস গেট এলাকার মৃত ইনসান উদ্দিন মিয়ার ছেলে মো. হাফিজুর রহমান (৩২), বাগেরহাটের রামপালের রম্ভা এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে মো. জিল্লুর রহমান (৩১), নোয়াখালী মাদ্রাসা রোডের মো. মঞ্জুর হোসেন মুন্সীর ছেলে মো. আলমগীর হোসেন মুন্সী (৩০), লবণচরা মাদ্রাসা রোডের মো. আব্দুস সাত্তার শেখের ছেলে মো. কাইয়ূম হোসেন (৩৩), মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে মো. রাজিবুল আলম (৩৭), বাগেরহাট মোড়েলগঞ্জ উত্তর সরুলিয়া মো. চাঁন মিয়া বেপারীর ছেলে মো. সুমন বেপারী (৩৩), লবণচরা থানার মো. মঞ্জুর হোসেন মজনুর ছেলে মো. মুস্তাকিন হোসেন (২৬) ও নেত্রকোনা বারহাট্টার আব্দুস কুদ্দুসের ছেলে মো. জাহাঙ্গীর (২৯)।
র্যাব অধিনায়ক জানান, র্যাব-৬ সদস্যরা ২০১৯ সালের ৩ মে থেকে এ পর্যন্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’-এর ৩৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের তৎপরতা নজরদারিতে রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরা দীর্ঘদিন এই সংগঠনের সাথে জড়িত বলে স্বীকার করেছে। তারা দেশের বিভিন্ন জায়গা হতে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত।
লাইটনিউজ