মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গৃহহীনদের মাঝে প্রথম পর্যায়ে নির্মিত গৃহ হস্তান্তর করবেন। মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৭৯৬টি ঘর পাবে গৃহহীন পরিবার। ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জেও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ৭৯৬টি ঘর।
সিরাজগঞ্জের বিভিন্নস্থানে দীর্ঘদিন থেকে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর নির্মাণের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে অধিকাংশ ঘর নির্মাণ শেষ হয়েছে। বাকি গুলোর নির্মাণ কাজ দ্রুততার সাথে করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে প্রথম পর্যায়ে ৭৯৬টি ঘর নির্মাণ করে গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলায় ২০৭টি, রায়গঞ্জে ১০০টি, উল্লাপাড়ায় ৪২টি, কাজিপুরে ৩৫টি, বেলকুচিতে ৪০টি, শাহজাদপুরে ১৫০টি, কামারখন্দে ৬০টি, তাড়াশে ১৫২টি ও চৌহালী উপজেলায় ১০টি ঘর গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে। দুই কক্ষবিশিষ্ট সেমি পাকা প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। আর ৭৯৬টি ঘর নির্মাণে ব্যয় করা হচ্ছে ১৩ কোটি ৬১ লক্ষ ১৬ হাজার টাকা।
ঘরগুলো নির্মাণ বিষয়ে সার্বিক তদারকি করছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও), উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও)। আগামী ১৫ জানুয়ারির মধ্যে গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হবে।
ঘর নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আগামী জানুয়ারি মাসের মধ্যে ঘরগুলো গৃহহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে প্রথম পর্যায়ে ৭৯৬টি ঘর নির্মাণ করে গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হবে। সরকারি খাস জমি উদ্ধার করে সেখানে এই ঘর নির্মাণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী প্রকৃত অসহায় গৃহহীন যেন ঘর পায় সেই মোতাবেক প্রকৃত গৃহহীন যাচাই বাছাই করা হয়েছে। এ ছাড়া ঘর বরাদ্দে কোনো প্রকার তদবির ও অনৈতিক সুযোগ-সুবিধা যেন কেউ নিতে না পারে সেজন্য সতর্ক তদারকি করা হচ্ছে।
তিনি আরো বলেন, সরকারের দেওয়া প্রকল্পটি প্রায় শেষ হওয়ার পথে। কিছু কাজ বাকি রয়েছে সে গুলো শেষ হবার পরে জানুয়ারি মাসে ঘরগুলো গৃহহীন পরিবারগুলোকে বরাদ্দ দেওয়া সম্ভব হবে।
লাইটনিউজ