পদ্মার পানি দ্রুত কমতে থাকা এবং নদীর মাঝে জেগে ওঠা ছোট-বড় অসংখ্য ডুবোচরের কারণে ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট নৌ-বন্দরে ভিড়তে পারছেনা পণ্যবাহী জাহাজ, কার্গো ও ট্রলার। ফলে অচল হতে বসেছে জেলার একমাত্র নৌ-বন্দর হিসেবে পরিচিত সিঅ্যান্ডবি ঘাট।
গত একমাস ধরে পানি কমার কারণে নৌ-বন্দরে আসতে বেগ পেতে হচ্ছে পণ্যবাহী নৌযানগুলো। ডুবোচর সৃষ্টি হওয়ায় বড় আকারের কোনো জাহাজ ও কার্গো ভিড়তে পারছে না ঘাটে। সিঅ্যান্ডবি ঘাট থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে চরভদ্রাসন উপজেলার এমপি ডাঙ্গী, জাকেরের সূরা এলাকায় জাহাজ থামতে বাধ্য হচ্ছে।
আর এসব জাহাজের পণ্যগুলো সেখান থেকে ছোট কার্গো ও ট্রলারে করে সিঅ্যান্ডবি ঘাট নৌ-বন্দরে আনা হচ্ছে। যার কারণে মালামাল লোড-আনলোডে খরচ পড়ছে বেশি। ফলে পণ্যবাহী নৌযানের মালিক ও পণ্য আমদানিকারকরা চরম বিপাকে পড়েছেন।
তাছাড়া নৌ-বন্দর এলাকার প্রায় ৮ হাজার শ্রমিক বেকার হতে বসেছে। এছাড়া দিনের পর দিন অরক্ষিত স্থানে জাহাজ, কার্গোগুলো থাকায় পড়তে হচ্ছে ডাকাতের কবলে।
সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট নৌ বন্দরে পৌঁছার জন্য পণ্যবাহী এসব নৌযান অপেক্ষা করছে। কিন্তু পদ্মা নদীতে পর্যাপ্ত নাব্যতা না থাকায় নৌযানগুলো বন্দরে ভিড়তে পারছে না।
বন্দর থেকে ৪ কিলোমিটার দূরে আটকা পড়ে আছে পণ্যবাহী নৌযানগুলো। দেশের বিভিন্ন বন্দর হতে নৌপথে বোরো মৌসুমের সার, গম, সিমেন্ট, কয়লা, বালুসহ নানা ধরণের পণ্য নিয়ে এসব নৌযান ফরিদপুর বন্দরের অদূরে গদাধর ডাঙ্গিসহ চরভদ্রাসনের হাজীগঞ্জ, এমপি ডাঙ্গী ও জাকেরের সুরা এলাকায় পণ্যসহ অবস্থান করতে বাধ্য হচ্ছে।
বন্দরের নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হেলালউদ্দিন বলেন, দক্ষিণ বঙ্গসহ বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়িক পণ্য আনা নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌ বন্দর। বছরের ৫ মাসের মতো সময় এখানে পানি কম থাকে; বিধায় বন্দরে পণ্য খালাসে জটিলতা সৃষ্টি হয়। সম্প্রতি গত একমাস যাবত পদ্মার বুকে যেই অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে সেজন্য বন্দরমুখি পণ্যবাহী বেশকিছু জাহাজ আটকা পড়েছে।
যে ইউনিয়নে নৌ বন্দর অবস্থিত সেই ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, নাব্যতা না থাকায় বন্দরটি অচল হতে বসেছে। বন্দরটিকে ঘিরে হাজার হাজার শ্রমিক-ব্যবসায়ীর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল। বন্দরটি অচল হলে শ্রমিকেরা কাজ হারাবে, ফলে চুরি-ছিনতাই বৃদ্ধি পাবে। তিনি বলেন, স্থানীয়ভাবে দ্রুতই ড্রেজার দিয়ে বালু কাটা হলে ঘাটটি সচল থাকবে।
বিআইডব্লিউটিএ’র (আরিচা ঘাট) উপপরিচালক মাসুদ পারভেজ বলেন, নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ড্রেজার দিয়ে বালু কাটার কাজ শুরু করব। যদিও আমাদের একটু সময় লাগতে পারে। স্থানীয়ভাবে ড্রেজার দিয়ে বালু কেটে ক্যানেল তৈরির বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি।
লাইটনিউজ