স্পোর্টস রিপোর্টার : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ।
শনিবার এসিসি ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় তাকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
৩২ বছর বয়সী জয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
দায়িত্ব নিয়ে তার নাম প্রস্তাব করায় বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয়। ভারতীয় ক্রিকেট সংস্থাও তাকে অভিনন্দন জানিয়েছে।
২০০৯ সালে আহমেদাবাদ সেন্ট্রাল বোর্ড অব ক্রিকেটের বোর্ড সদস্য হিসেবে যুক্ত হন জয়। ২০১৩ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পান। দুই বছর পর বিসিসিআইয়ের ফিন্যান্স ও মার্কেটিং কমিটির সদস্য হন। ২০১৯ সালের ডিসেম্বরে বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব নেন।