শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছন্নছাড়া ব্যাটিংয়ে বিপর্যস্ত মুমিনুলরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : সমান্তরালে পুরনো প্রশ্নটা আরো এককবার জোরে আওয়াজ তোলে-টেস্ট খেলা কি সত্যি আয়ত্ব করতে পেরেছে বাংলাদেশ? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একই পিচে কিছুক্ষণ আগে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যান যেখানে বোলারদের ওপর কর্তৃত্ব দেখালেন, সেখানেই কিনা ১১ রানে ২ উইকেট হারালো স্বাগতিকরা! ওই ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশ যখন তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্ন দেখতে শুরু করলো, তখনই আবার উইকেট বিলিয়ে দেওয়ার দৃশ্য।
সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর চেয়েও কি দোষ বেশি নয় তামিম ইকবাল কিংবা মুমিনুল হকের? আগের দুজনকে যদি দ্রুত আউট হওয়ার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে পরের দুই ব্যাটসম্যান আরও বড় অপরাধী ! ক্রিজে সেট হয়ে যাওয়ার পরও তামিম-মুমিনুলের উইকেট বিলিয়ে দিয়ে আসা তাদের টেস্ট ক্রিকেটের এতদিনের অভিজ্ঞতার পাশে একে দেয় প্রশ্নবোধক চিহ্ন। ওয়েস্টইন্ডিজের ৮ নম্বর ব্যাটসম্যান আলজারি জোসেফের রান ৮২। সেই জোসেফ যখন নিজের আসল কাজেও সফল হলেন, বল হাতে ফেরালেন তামিম ইকবালকে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের সম্মিলিত রান তখন ৬৯! টপ অর্ডারের করুণ চিত্র ফুটে উঠছে এতেই। এরপর অবশ্য গতকাল মিরপুর টেস্টের প্রথম ইনিংসে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে স্বস্তির সুযোগ তাতে খুব একটা নেই। ফলো অন এড়ানো যে এখনও বেশ দূরের পথ!
গতকাল দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০৫। ফলো অন এড়াতে প্রয়োজন আরও ১০৫। প্রথম ইনিংসে ওয়েস্টইন্ডিজের রান ৪০৯। প্রথম চার ব্যাটসম্যানের আত্মহত্যার পর বাংলাদেশের লড়াইয়ের আশা বেঁচে আছে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের ব্যাটিংয়ে।
ব্যাটিংয়ের আগে বোলিংয়েও ভুগতে হয় বাংলাদেশকে। ৫ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্টইন্ডিজ পেরিয়ে যায় চারশ। সপ্তম উইকেটে শতরানের জুটি গড়েন জশুয়া দা সিলভা ও আলজারি জোসেফ। জশুয়া করেন ৯২, জোসেফ ৮২। এর আগে এনক্রুমা বনার ফেরেন ৯০ রানে।
প্রায় দেড়শ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ফেলে প্রায় চোখের পলকেই। দুটিই নেন শ্যানন গ্যাব্রিয়েল। অনেক প্রশ্নের জন্ম দিয়ে যাকে এই টেস্টে নেওয়া, সেই সৌম্য সরকার প্রথম ওভারেই আউট হন প্রশ্নগুলো আরও উচ্চকিত করে। সোজা বল ওয়ানডের মতো শট খেলতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফেরেন কোনো রান না করেই।
গ্যাব্রিয়েলের পরের ওভারেই বিদায় শান্তর। প্রথম বলে দারুণ এক অফ ড্রাইভে চার মারেন শান্ত। পরের বলটি গ্যাব্রিয়েল করেন আরেকটু ওয়াইড অব দা ক্রিজ, বলও রাখেন অফ স্টাম্পের বেশ বাইরে। আবার ব্যাট চালিয়ে দেন শান্ত। এবার ক্যাচ গালিতে। জোড়া ধাক্কার জবাব তামিম ইকবাল দিতে শুরু করেন পাল্টা আক্রমণে। রাকিম কর্নওয়ালকে বেরিয়ে এসে ছক্কায় ওড়ান তিনি। জোসেফের পরপর দুই ওভারে মারেন চারটি বাউন্ডারি। পরে টানা দুই বলে বাউন্ডারিতে পাঠান গ্যাব্রিয়েলকেও। মুমিনুলও একই পথের পথিক হয়ে খেলতে থাকেন শট। কাট, আপার কাট, গøাইড, যেন সীমিত ওভারের ম্যাচ!
তবে রোমাঞ্চের পথে হেঁটে দুই ব্যাটসম্যান দলকে নিতে পারেননি নিরাপদ ঠিকানায়। ৫৮ রানের জুটি ভাঙে মুমিনুলের বিদায়ে। কর্নওয়ালের জোরের ওপর করা ও একটু লাফানো বলটি ছেড়েও দিতে পারতেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ব্যাট চালিয়ে আউট হয়ে যান তিনি ২১ রানে। উইকেটে পেছনে দারুণ ক্যাচ নেন জশুয়া। তামিমের ওয়ানডে ঘরানার ইনিংস শেষ হয় ওয়ানডের মতো শটেই। জোসেফের লেংথ বল ফ্লিক করেন তিনি মিড উইকেটে, এই শটের জন্যই সেখানে রাখা ছিল ফিল্ডার। ৬ চার ও ১ ছক্কায় ৫২ বলে ৪৪ রানের ইনিংস চটকদার বটে, তবে দলের জন্য খুব কাজে দেয়নি। ব্যাটিং বিপর্যয়ে তখন বাংলাদেশ ধুঁকছে, উজ্জীবিত ক্যারিবিয়ানরা উড়ছে।
দিনের বাকি ২০ ওভারের বেশি মুশফিক ও মিঠুন আর কোনো বিপদ হতে দেননি দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে। উইকেট আঁকড়ে পড়ে থাকেন দুজন। বিশেষ করে, মিঠুন উইকেট আগলে রাখেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায়। একাদশে ফেরা ব্যাটসম্যানের নামের পাশে দিন শেষে রান ৬। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ, বল খেলেছেন ৬১টি! সমান বল খেলে মুশফিক অপরাজিত ২৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্টইন্ডিজ : (আগের দিন ২২৩/৫) ৪০৯ (বনার ৯০, জশুয়া ৯২, জোসেফ ৮২, কর্নওয়াল ৪*, ওয়ারিক্যান ২, গ্যাব্রিয়েল ৮; আবু জায়েদ ২৮-৬-৯৮-৪, মিরাজ ৩৩-৯-৭৫-১, নাঈম ২৪-৩-৭৪-০, তাইজুল ৪৬.২-৮-১০৮-৪, সৌম্য ১১-১-৪৮-১)।
বাংলাদেশ : ১০৫/৪ (তামিম ৪৪, সৌম্য ০, শান্ত ৪, মুমিনুল ২১, মুশফিক ২৭*, মিঠুন ৬*; গ্যাব্রিয়েল ৮-২-৩১-২, কর্নওয়াল ১১-৪-১৮-১, জোসেফ ৮-১-৩৪-১, মেয়ার্স ৫-১-১২-০, ওয়ারিক্যান ৪-১-১০-০)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD