কেরানীগঞ্জে পুকুরে ধসে পড়া সেই তিনতলা ভবনটি কয়েকটি পিলারের ওপর নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য চড়াইল এলাকায় ওই ভবনটি পুকুরে পুরোপুরি ধসে পড়ে। এ সময় ভবনে থাকা সাত বাসিন্দার মধ্যে দুজন বের হতে সক্ষম হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ভবনে আটকেপড়া বাকি পাঁচজনকে আহতাবস্থায় উদ্ধার করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউএনও অমিত দেবনাথ বলেন, সামান্য কয়েকটা পিলারের ওপর বাড়িটি নির্মাণ করা হয়েছিল। যার কারণে এটি ধসে পড়েছে। ভবনটি পড়ার সময় পাশের দুটি ভবনেও ফাটল দেখা দিয়েছে। আমরা তাৎক্ষণিক ওই দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়েছি। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সেখানকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
স্থানীয়রা বাসিন্দারা জানান, জলাশয়ের পাড়ে কয়েকটি পিলারের ওপর ভবনটি নির্মাণ করা হয়েছিল। ওই জলাশয়ের পাড়ে এ রকম আরও কয়েকটি ভবন রয়েছে। সব ভবনই নিয়মবহির্ভূতভাবে নির্মিত হয়েছে। চরম নিরাপত্তাঝুঁকি নিয়ে তৈরি এসব ভবনের মধ্যে জানে আলমের মালিকানাধীন তিনতলা বাড়িটি পুকুরের মধ্যে পুরোপুরি ধসে পড়েছে। ভবনটিতে জানে আলমের পরিবার থাকত।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ভবনের মধ্যে আটকেপড়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, যথাযথ নিয়ম না মেনে ভবনটি পুকুর পাড়ে তৈরি করা হয়েছিল। নরম মাটি ও পিলারের ওপর থাকায় বাড়িটি পুকুরের মধ্যে হেলে পড়ে।
লাইটনিউজ