স্পোর্টস রিপোর্টার : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই খেলায় বাংলাদেশ নৌবাহিনীর হয়ে একটি করে গোল করেন রাসেল মাহমুদ জিমি, খোরশেদুর রহমান ও রোমান সরকার। আর বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে একমাত্র গোলটি করেন মনোজ বাবু। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।